‘সেনা নয় পাকিস্তানের জঙ্গি প্রত্যাহারেই সমাধান’

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৬:৫২


কাশ্মীর শান্তি ফেরাতে জাতিসংঘে দেওয়া ভাষণে সেনা প্রত্যাহার সহ চারদফা প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই প্রস্তাবের বিপরীতে ভারত জানিয়েছে, ‘সেনা প্রত্যাহার’ নয়, পাকিস্তানের ‘জঙ্গি প্রত্যাহার’ই সমস্যার সমাধানের পথ।

গতকাল বুধবার  কাশ্মীর সমস্যা সমাধানে চার দফা প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই প্রস্তাবের মধ্যে ছিল সিয়াচেন এবং কাশ্মীর থেকে নিঃশর্ত সেনা প্রত্যাহার। চার দফা প্রস্তাবের পাশাপাশি কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ার জন্য জাতিসংঘকেই দায়ী করেন শরিফ।


জাতিসংঘের সাধারণ সভার ৭০ তম অধিবেশনের বিতর্কে শরিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিতর্কে অংশগ্রহণ করে জাতিসংঘে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি অভিষেক সিং বলেছেন, এ কথা সত্যি যে, জঙ্গিদের  মদদ দেওয়ার নীতি অনুসরণ করে এখন নিজেরই পাতা ফাঁদে জড়িয়ে পড়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির বৈধ উপায় হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। আর এখন সারা বিশ্বই উদ্বেগের সঙ্গে দেখছে যে, ওই নীতির প্রতিফল পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করে আরও বিস্তার লাভ করছে। দ্য হিন্দু