মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চর তিন বিচারপতি মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। এই মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা মেজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
মৃত্যু পরোয়ানা জারির মধ্য দিয়ে সালউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হলো তবে আসামিপক্ষ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করলে সয়ংক্রিয়ভাবে দণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে।
উল্লেখ্য, বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওইদিন রাতেই পৃথক দু’টি রায় এবং মামলার অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের তিন বিচারপতি মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। এখন এই পরোয়ানা লাল কাপড়ে মোড়ানো অবস্থায় জেলা মেজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ইতোমধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে এই পরোয়ানা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
