আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বিএনপি কখনোই দেশের বড় কোনো অর্জন দেখতে পারে না। যখনই দেশের কোনো অর্জন হয়, তখন বিএনপি তাকে সাধুবাদ না জানিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি করার চেষ্টা করে। এটাই তাদের চরিত্র। তারা ভালো কাজের প্রশংসা করতে জানে না।' বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন দেশবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন বিএনপি অভিনন্দন না জানিয়ে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।'
জঙ্গি দমন, দারিদ্র্য বিমোচন আর দেশের উন্নয়নে শেখ হাসিনার সফল ভূমিকার কথা তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, 'শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ সাফল্যের স্বর্ণশিখরে পৌছে যাচ্ছে। জাতিসংঘের দু’টি পুরস্কার অর্জন কোনো দলের একার নয়, প্রধানমন্ত্রীর এই অর্জন সমগ্র জাতির।' তাই দল, মত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, 'প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনার কারণে যাতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ ও জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির সব কিছু তদারকি করবে।'
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আয়োজিত এ যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ওই সব এলাকার স্থানীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ।
