দীর্ঘদিন ধরেই ফর্মটা ভাল যাচ্ছে না পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদীর। কিন্তু দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস জানিয়েছেন আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সিনিয়র এই অল রাউন্ডারের ফর্ম ফিরিয়ে আনার জন্য তিনি যথাযথ সহযোগিতা করবেন।
ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া ৩৫ বছর বয়সী আফ্রিদী শেষ ১০টি টি টোয়েন্টিতে ১১০ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন মাত্র ছয়টি। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দুই ম্যাচের টোয়েন্টি টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জেতার পরে ওয়কার বলেছেন, আফ্রিদীর সার্বিক ফর্ম নিয়ে আমি মোটেই চিন্তিত নই। সে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ও প্রমানিত একজন ম্যাচ উইনার। খুব শিগগিরই তার ফর্ম ফিরিয়ে আনার জন্য আমি সহযোগিতা করবো। শুধুমাত্র একটি ম্যাচে ভাল করাটাই এখন সময়ের ব্যপার।
বিশ্বকাপের আগে অধিনায়ক আফ্রিদি ফর্মে ফিরবেন বলে মনে করেন তিনি। ওয়াকার বলেন, টি টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সে কারনেই অধিনায়ক হিসেবে দলে অবদান রাখাটা গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি জিম্বাবুয়ের উইকেটের সঙ্গে আফ্রিদী মানিয়ে নিতে পারেনি। দ্রুতই সে নিজেকে ফিরে পাবে বলে আমি আশাবাদী।বাসস
