অশুভ শক্তি পুরানো খেলায় মেতে উঠেছে: ওবায়দুল কাদের

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৬:৫৮
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন সেই সময়ে অশুভ শক্তি আবারো তাদের পুরানো খেলায় মেতে উঠেছে।’
 
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জম্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে যারা সহ্য করতে পারছে না, তারাই দেশে-বিদেশে অপতত্পরতা শুরু করেছে।’ তিনি বলেন, ‘দেশকে একটি বিপদজনক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অতীতের মতো এটি চক্র আবারো ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। সরকারের ও দলের দায়িত্বশীল নেতাদের র্ধৈয্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা ও জনগণকে সাথে নিয়ে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।’
 
নগরীর গুলশানে সম্প্রতি ইতালীয় নাগরিক হত্যার বিষয়টিকে নিরাপত্তার অজুহাত হিসেবে ব্যবহার করে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে তাদের সফর স্থগিত করেছে। একই সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের নাগরিকদের এ দেশে যাতায়াতে সতর্ক থাকতে বলেছে।
 
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে মিনি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠানের সময়ও একই ধরনের অপতত্পরতা চালানো হয়েছিল। কোন দেশ যাতে দেশে ক্রিকেট খেলতে না আসে সেজন্য একটি মহল ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে চিঠি পর্যন্ত পাঠিয়েছিল।’