পাকিস্তানকে কাশ্মীর ছাড়ার আহ্বান ভারতের

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৭:৩৭
 
কাশ্মীর সমস্যার সমাধানে নওয়াজ শরিফের বাতলে দেয়া ‘চার পয়েন্ট’ ফর্মুলার উত্তরে পাকিস্তানকে এক হাত নিল ভারত। সন্ত্রাসের পীঠস্থান বলে দেশটিকে আক্রমণ করে টুইট করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। এ ছাড়া, পাক অধিকৃত কাশ্মীর থেকে ‘বিদেশি’ পাকিস্তানের চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজারের।
 
চার দফা প্রস্তাবের মধ্যে নিঃশর্তভাবে কাশ্মীর এবং সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার এবং ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলার কথা বলেছেন নওয়াজ। ভারতের কড়া জবাব, সেনা প্রত্যাহার নয়, বরং কাশ্মীরে শান্তি ফেরাতে জঙ্গিদের হঠাতে মন দিক পাকিস্তান। পাকিস্তানকে সন্ত্রাসের বলি বলে আখ্যা দিয়েছিলেন নওয়াজ। তারও জবাব বেশ কড়াভাবেই দিয়েছে ভারত।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ দিন টুইট করে বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসের বলি নয়, সন্ত্রাসের পীঠস্থান। সন্ত্রাসবাদীদের যাবতীয় প্রয়োজনীয় যোগান দেয় তারা।’
 
কাশ্মীরের সঙ্গে প্যালেস্টাইনের তুলনা করে নওয়াজ বলেছিলেন, ‘বিদেশি শক্তির হাতে লাঞ্ছিত হচ্ছেন ঐ এলাকার মানুষ।’ পাল্টা টুইটে বিকাশের দাবি, ‘‘বিদেশি শক্তির কথা বলে নওয়াজ ঠিকই বলেছেন। আর তার সেই সূত্রেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ‘বিদেশি’ পাকিস্তানের অবিলম্বে সরে যাওয়া উচিত।’’