যুক্তরাজ্যর পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়্যারের পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার তিন দিনের সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশন তাঁর সফরসূচি নিয়ে কাজও শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই সফর স্থগিত করা হয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে, নতুন করে যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে।
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়্যার দায়িত্ব নেয়ার পর শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল। এছাড়া সফরকালে ব্রিটিশ উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করার কথা ছিল ব্রিটিশ মন্ত্রীর। কিন্তু সফরের দুই দিন আগে এই সফর স্থগিত করা হয়েছে।
এদিকে, ঢাকা ইটালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষাপটে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতার নির্দেশনা আবারো হালনাগাদ করেছে ব্রিটেন। এছাড়া ওই হত্যার ঘটনায় দেশটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার হালনাগাদ করা ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় হুমকি রয়েছে।
