আলোচনা ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না : সুষমা স্বরাজ

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৬:১০

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশ এখনও আলোচনার জন্য প্রস্তুত। তবে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদ বর্জন করতে হবে। কারণ আলোচনা ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।


তিনি বলেন, আমাদের চার দফার প্রয়োজন নেই। আমাদের একটিই দফা -আর তা হল, সন্ত্রাসবাদ ছাড়ো ও আমাদের সঙ্গে আলোচনায় বসো। চলতি বছরের জুলাই মাসে উফাতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে আলোচনা ও সিদ্ধান্ত হয় তা ছিল যথাযথ। নিউইয়র্কে গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে সুষমা স্বরাজ বলেন, ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনাকারী এখনও পাকিস্তানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে যা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক।



তিনি বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হলে চলতি বছর উফায় দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট এনএসএ পর্যায়ের বৈঠক ও সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজিএমও পর্যায়ের বৈঠক করতে ভারত প্রস্তুত। সুষমা স্বরাজ জাতিসংঘের ৭০তম বার্ষিকীতে ১৯৯৬ সালে ভারতের প্রস্তাবিত কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম (সিসিআইটি) গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।


 

তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ধারক হিসেবে জাতিসংঘের বৈধতা সংরক্ষণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও আহবান জানান। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার খুবই জরুরী। পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারত জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং শান্তিরক্ষা মিশনে দেশটির অবদান আরো বৃদ্ধি করবে। তবে তিনি শান্তিরক্ষা অভিযানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। বাসস