প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় পতাকা হাতে অংশ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অর্জন গোটা জাতির অর্জন। তাই সকলকে দলীয় সংকীর্ণতার উদ্ধে উঠে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর অনুরোধ করছি।’
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল সংবর্ধনা দেয়া হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় অসামান্য অবদান এবং তথ্য-প্রযুক্তিতে ব্যাপক সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পুরস্কার দেয়া হয়েছে। দেশের জন্য এ বিশাল অর্জন বয়ে আনায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমরা ১৪ দল মনে করি, এই সংবর্ধনায় জনতার ঢল নামবে। এটা হবে আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, ঢাকাবাসী ও দেশবাসীকে- ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আসুন সবাই একত্রিত হয়ে আমরা প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা এবং অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর এ অর্জন দেশ ও জাতির জন্য গৌরবের।’
