অভিবাসী নিয়ে চাপে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৭:০৩
 
সমুদ্র তীরবর্তী অনিরাপদ অভিবাসী আটক কেন্দ্রগুলো বন্ধ করে দিতে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষাবিদ ও পেশাজীবী মহল। খবর বিবিসির।
 
দেশটির অভ্যন্তরীণ সহিংসতা নিয়ে কাজ করেন এমন একজন প্রচারক রোসি বেটি এসব কেন্দ্রগুলোকে ‘অনিরাপদ’ বলে উল্লেখ করেন এবং এগুলোকে অবশ্যই বন্ধ করে দেয়ার আহ্বান জানান। এ ছাড়া, রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে আসা আটক অভিবাসীদের এখানকার সরকারের কর্মকর্তা ও কর্মচারীদের নির্যাতনের শিকার হতে হয়—এমন দাবিও তোলা হয়েছে।
 
এ দিকে, প্রধানমন্ত্রীর সাবেক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটিতে অবৈধভাবে আসা সকল অভিবাসী নৌযানগুলোকে আটক করা হয় এবং এসব মানুষকে নাউরু ও পাপুয়া নিউ গিনির বিভিন্ন শিবিরে রাখা হয়। 
 
বৃহস্পতিবার দেয়া এক চিঠিতে প্রধানমন্ত্রীকে এ আহ্বান জানান তারা।