সিলিকন ভ্যালিতে সকালের নাস্তার খরচও ১২ ডলারের বেশি। আর সেখানকার ৩৯৫ বিলিয়ন ডলার বাজার মূল্যের কোম্পানি গুগলের ডোমেইন বিক্রি হয়ে গেল মাত্র ১২ ডলারে।
গুগলেরই এক সাবেক কর্মী গত মঙ্গলবার গুগল.কম ডোমেইনটি মাত্রা ১২ ডলারে কিনে নিয়েছিলেন। শুধু তাই নয় এক মিনিটের মতো ডোমেইনটির নিয়ন্ত্রণও নিজের হাতে রাখতে পেরেছিলেন তিনি।
গুগলের ওয়েবসাইট সার্ভিস গুগল ডোমেইনস-এ সনময় বেদ ঘটনার সূত্রপাত করেন। উদ্দেশ্যহীনভাবে সেখানে ঘোরাফেরা করার সময় তিনি দেখতে পান পৃথিবীতে সবচেয়ে বেশিবার 'হিট' হওয়া সাইটের ডোমেইন বিক্রির জন্য দেখানো হচ্ছে। এর জন্য দাম চাওয়া হয়েছে মাত্র ১২ ডলার। কোনদিকে না তাকিয়েই তিনি কিনে ফেলেন গুগল.কম।
IMG0
অবশ্য কিছুক্ষণের মধ্যেই গুগল তার নিজের ভুল ধরতে পেরে শুধরে নেয়। সনময় বেদ তার অভিজ্ঞতা লিংকড ইনে লিখেছেন। তিনি জানিয়েছেন, সবুজ চেক বক্স দেখে আমি বুঝতে পারি যে ডোমেইনটি কেনার জন্য আমার কার্টে যুক্ত হয়েছে। আমি ভাবছিলাম কিছুক্ষণের মধ্যেই আমি হয়তো একটি এরর ম্যাসেজ পাবো যে ডোমেইনটি কেনা সম্ভব হয়নি। কিন্তু এমন কিছুই হয়নি এবং সত্যি সত্যিই আমার ক্রেডিট কার্ড থেকে ১২ ডলার কেটে নেয়া হয়।
অবশ্য এক মিনিট পরই তার অর্থ ফেরত দিয়ে দেয়া হয় তাকে। এই এক মিনিট তিনি গুগলের ওয়েব মাস্টার কন্ট্রোলও নিজের হাতে পান। এমন স্ক্রিন শট সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন সনময় বেদ। সূত্র: সিনেট
