শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডিআরইউ সদস্য কৃতি সন্তানদের জন্য সংগঠনটি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এসএসসির ১৭ জন, ও লেভেলের ২ জন, এইচএসসির ১২ জন কৃতী শিক্ষার্থীর হাতে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা এক দেড় মাস ধরে চলতে থাকায় প্রশ্নপত্র পাহারা দেয়া কষ্টসাধ্য বিষয়। তাই আমি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে। আমাদেরকে এমন পদ্ধতি বের করতে হবে যাতে অতি স্বল্প সময়ে পরীক্ষা শেষ করা যায়।’
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাস করার জন্য বলা হলেও এখন পর্যন্ত মাত্র ২৭টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গিয়েছে।’
খবর বাসসের।
