সিরিয়ার রুশ বিমান হামলায় ১২ আইএস সদস্য নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ২১:১৩
 
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের প্রধান ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১২ জিহাদি নিহত হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবরের সত্যতা নিশ্চিত করেছে।
 
বৃহস্পতিবার রাকায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার এসইউ-৩৪ বিমান রাকার ৭০ কিলোমিটার পূর্বে মাদান জাদিদ গ্রামের কাছাকাছি স্থানে অবস্থিত একটি আইএস প্রশিক্ষণ শিবিরে ও রাকার দক্ষিণ-পূর্বে কাসরাত ফারাজে অবস্থিত একটি কমান্ড পোস্টে বোমা বর্ষণ করে।

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, এ হামলায় অন্তত ১২ আইএস জঙ্গি নিহত হয়েছে। অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান শুক্রবার বলেন, ‘গত রাতে রাকা নগরীর পশ্চিম প্রান্তে এবং তাবকা সামরিক বিমান বন্দরের পাশে রুশ বিমানগুলো হামলা চালায়।’
 
মস্কো জানিয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার থেকে সিরিয়ায় আইএস গ্রুপের ১২টি অবস্থানে ১৮বার ঝটিকা হামলা চালিয়েছে।