খুলনায় মস্তক ও হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৭:০২

খুলনায় মস্তক ও হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের খন্ড খন্ড লাশের পরিচয় মিলেছে।​ প্রযুক্তির ব্যবহার করে শুক্রবার দুপুরে অজ্ঞাত ওই যুবকের পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, খণ্ডিত আকারে উদ্ধার হওয়া দেহের অজ্ঞাত যুবকের নাম হাবিবুর রহমান (২৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ইট ভাটায় শ্রমিক প্রদানের ঠিকাদারি সরদার হিসাবে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি খুলনায় আসেন।

সরদার রকিবুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহত হাবিবুরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

আরো পড়ুন: স্কুলছাত্রের টিফিন বক্সে গ্রেনেড, বিস্ফোরণে নিহত ৩

পুলিশ কমিশনার জানান, কে বা কারা যুবককে নৃশংসভাবে হত্যার পর লাশটি ফেলে গেছে তার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত শাখা (সিআইডি), খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে ড্রেনের পাশ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় পুলিশ অজ্ঞাত যুবকের লাশের একটি বড় অংশ উদ্ধার করে। তবে মাথা, দুই পা ও দুই হাত ছিল না। পরে দুপুরে ফারাজীপাড়াস্থ সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন থেকে আরো দু’টি ব্যাগে থাকা মাথাসহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ইত্তেফাক/বিএএফ