মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট আইনজীবীদের একটি প্রতিনিধি দল কারাগারে প্রবেশ করেন।
সাক্ষাৎকালে সর্বশেষ আইনি প্রক্রিয়া রিভিউ আবেদনের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর রিভিউ আবেদন করবেন কি না জিজ্ঞেস করা হলে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
