জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে যুক্তরাজ্য হয়ে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শনিবার সকাল সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, লন্ডন-সিলেট-ঢাকা রুটের ফ্লাইটটি ৫০ মিনিট যাত্রাবিরতির পর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর উদ্দেশে রওনা হয়।
যাত্রাবিরতির সময় সিলেটের তিন সংসদ সদস্য এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
ঢাকায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে দাঁড়িয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাবেন নেতা-কর্মীরা। আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে বাদক দলসহ মিছিলগুলোকে বিমানবন্দর সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় মিছিলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার-ফেস্টুন কর্মীদের হাতে দেখা গেছে।
