ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটারের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির আর্থিক পৃষ্ঠপোষকরাও। এদের মধ্যে রয়েছে কোকাকোলা, ভিসা, ম্যাকডোনাল্ডস ও বাডওয়াইজার।
চারটি প্রতিষ্ঠানই মনে করে, সুইজারল্যান্ডে সম্প্রতি ফৌজদারি তদন্ত শুরু হওয়ায় আর এক মুহূর্তও তার এই পদে থাকা সাজে না।
কোকোকোলা বলেছে, একেক দিন পার হয়ে যাওয়া মানে ফিফার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়া।
ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে বলেছে, ব্ল্যাটারের সরে যাওয়াটা হবে ফুটবলের জন্য শুভ সংবাদ।
ব্ল্যাটার অবশ্য পৃষ্ঠপোষকদের এই দাবি অগ্রাহ্য করে ঘোষণা দিয়েছেন, কোনো চাপের কাছে তিনি নতিস্বীকার করবেন না।
শুক্রবার আইনজীবীদের মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে ব্ল্যাটার বলেছেন, তার সরে যাওয়া ফিফার সংস্কার প্রক্রিয়াকে থমকে দেবে।
তবে পৃষ্ঠপোষক বাডওয়াইজার মনে করে, ব্ল্যাটারই ফিফার সংস্কার প্রক্রিয়ার মূল প্রতিবন্ধক।
ব্ল্যাটার ফিফার জন্য অনেক নেতিবাচক চুক্তি করেছেন বলে অভিযোগ তুলেছে সুইস কর্তৃপক্ষ। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে তিনি ‘অবৈধ উপায়ে’ অর্থ দিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
গত মে মাসে ফিফা কংগ্রেসের আগ মুহূর্তে ফিফার শীর্ষ কর্তাদের গ্রেফতার করে সুইস পুলিশ। এর দুদিন পর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পঞ্চমবারের মতো জয় লাভ করেন ব্ল্যাটার। তবে দুর্নীতির অভিযোগের মধ্যে ২ জুন ফিফার সভাপতি ঘোষণা দেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তিনি পদত্যাগ করবেন। সূত্র: এএফপি।
