ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সাথে মাঝারদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হবি মোল্যার নেতৃত্বে বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য উভয় পক্ষের নেতার কাছে প্রস্তাব দেয়। এই নিয়ে আফছার ও গিয়াসের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়।
এরই সূত্র ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এই দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতের ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এবিষয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দাবি করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উপজেলা বিএনপির একটি গ্রুপ কাগদী বাজারে আসলে আমরা তাদের ধাওয়া করি। এসময় আফছার উদ্দিনের সমর্থকরা বিএনপির লোকজনের সাথে যোগ দিয়ে আমাদের উপর হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়।
এদিকে গিয়াসের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের অপর নেতা আফছার উদ্দিন বলেন, বিএনপির লোকদের পক্ষে নেয়ার জন্য গিয়াস আমার লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
