জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় পৌঁছে সর্বস্তরের জনতার অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে সংবর্ধনা জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে হাজারো মানুষ জাতীয় ও দলীয় পতাকা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জনতা প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ফুল ছিটিয়ে এবং মুহুর্মুহু স্লোগান দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করার প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে এই ব্যাপক গণসংবর্ধনা দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ধীরগতিতে বিমানবন্দর থেকে গণভবনের দিকে এগিয়ে যায়। এ সময় গাড়ি থেকে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে তার ৮ দিনের সফর শেষে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন।
দুপুর একটা ৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী একটা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।
জনতার অভিনন্দন, শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হয়ে প্রায় ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছান। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি। সিলেটে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
খবর বাসসের।
