নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কানাডার ক্ষমতাসীন দল

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৫৫
 
নির্বাচনের আগেই পরাজয়ের আশঙ্কা প্রকাশ করলেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির দলনেতা স্টিফেন হারপার।
 
তবে এ ধরনের আশঙ্কা প্রকাশ করার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের একঘেয়েমি শাসন, অভিবাসীদের নিয়ে মনোভাব, বহু বিতর্কিত বিল সি-২৪ এবং উচ্চাভিলাষী যুদ্ধবিমান এফ-৩৫ ক্রয়।
 
তবে স্টিফেন হারপারের ভাষ্য—দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় এর বিকল্প নেই। তবে বিমান বাহিনী ও নেভিতে বিশ্ববিখ্যাত লকহিড মার্টিনের নির্মিত সতের বিলিয়ন ডলারের ৬৫টি উচ্চ প্রযুক্তির এই যুদ্ধবিমান সংযুক্ত করা হবে কি না—এ নিয়ে সামনের ফেডারেল নির্বাচনী হাওয়া অনেকটা গরম হয়ে উঠেছে।
 
কনজারভেটিভ নেতা হারপার মনে করেন—১৯৮২ সালে রয়াল কানাডিয়ান এয়ারফোর্সে সংযুক্ত ১৩৮টি সিএফ-১৮-র জায়গায় নতুন আধুনিক প্রযুক্তির এফ-৩৫ বিমান অনেক বেশি যুগোপযোগী এবং চাহিদা মেটাতে সক্ষম। সিএফ অনেকটা রাশিয়ার মিগ-২৯-এর মতো পুরনো প্রযুক্তির।
 
এ দিকে, লিবারেল নেতা জাস্টিন ট্রুডো হারপারের এ উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের ইচ্ছাকে অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন।
 
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।