মোদীর প্রতিশ্রুতিতে জনগণের আস্থা নেই : সোনিয়া গান্ধী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ২২:৩৩
 
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রীর খালি প্রতিশ্রুতিতে জনগণের এখন আর কোনো আস্থা নেই। বিহারের ভগলপুরের কাহালগাঁও আসনে প্রথম নির্বাচনী প্রচারণায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
 
তিনি বলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন দেশকে নতুন দিক নির্দেশনা দেবে। কংগ্রেস জোটকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মোদীর শূন্য প্রতিশ্রুতি থেকে এই নির্বাচনে মুক্তি পেতে হবে।
 
তিনি মোদীর সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী দেশের চেয়ে বিদেশেই বেশি সময় ব্যয় করছেন। তিনি শুধু ক্ষমতাবানদের আলিঙ্গন করতে পছন্দ করেন। বতমান সরকার শুধু শিল্পপতিদের জন্য কাজ করছে। এই সরকার কৃষক ও দরিদ্রদের বিরুদ্ধে। তিনি বলেন, সরকারের ভুল নীতির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে। বেকারত্বও বেড়ে চলেছে।