বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৪:৫৪
বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আনা ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 
 
রবিবার সকাল ১০টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের বারোপোতা গ্রামের মাঠের মধ্য থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।
 
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে আসা একটি কচ্ছপের চালান বারোপোতা হয়ে ঢাকা যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালান। এ সময় একটি ট্রলি ব্যাগের মধ্যে থেকে ৬৮ লাখ টাকা মূল্যের ১৮০টি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ উদ্ধার করে। তবে চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা কচ্ছপগুলো যশোর বিজিবি সদর দফতর থেকে বন ও প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।