জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. নাসির উদ্দীন শ্রেষ্ঠ প্রবন্ধ পুরস্কার লাভ করেছেন।
গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলোম্বোতে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জ ফর ইনফরমেশন প্রেফেশনালস অ্যান্ড এলআইএস সার্ভিসেস ইন দ্য টুয়েন্টি ফ্রাস্ট সেঞ্চুরি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ পুরস্কার লাভ করেন। তার প্রবন্ধের বিষয়বস্তু ছিলো ‘লাইব্রেরিস ফর চেঞ্জিং লাইভস অব দ্য সেক্স ওয়ার্কার্স: অ্যা নিউ অ্যাপ্রোচ ফর সোসাইলি ডিসঅ্যাডভ্যানটেজড পিপল ইন বাংলাদেশ।’
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
শ্রীলংকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্মেলনে ৩০টি বাছাইকৃত গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে শ্রীলংকা ছাড়াও বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, সাউথ আফ্রিকা, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকেও প্রবন্ধ উপস্থাপন করেন নিজ নিজ দেশের খ্যাতিমান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানীরা। দেশ-বিদেশের প্রায় পাঁচ শতাধিক গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
