‘পদ্মা সেতুর কাজে বিদেশিদের নিরাপত্তার কোন সমস্যা নেই’

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৮:০০
‘পদ্মা সেতু নির্মাণে বিদেশি কর্মজীবীদের নিরাপত্তার ব্যাপারে কোন সমসা নেই। ভবিষ্যতেও কোন সমস্যা হবে না। সেনাবাহিনী, পুলিশ ও নৌ পুলিশ তাদের নিরাপত্তায় কাজ করছে।’
 
রবিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হল রুমে বিদেশিদের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘আগামী নভেম্বরে মূল সেতুর পাইলিং ও নদী শাসনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনা। এ পর্যন্ত পদ্মা সেতুর মোট ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। ’
 
তিনি বলেন, পৃথিবীতে দুটি খরস্রোতা নদী রয়েছে, যার একটি পদ্মা। নদী ভাঙনের কারণে পদ্মা সেতু নির্মাণে মূল পাইলিংয়ের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তারপরও আগামী ২০১৮ সালের মধ্যেই এ সেতুর উদ্বোধন করা হবে। মূল পাইলিংয়ের কাজ অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নদী ভাঙনের কারণে তা এখন নভেম্বরে করা হবে। এ দুটি কাজই আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
 
এ সময় সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।