সবকিছু অনুমান করে বলা হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ০০:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যার কারণ উদঘাটনে নিরাপত্তাবাহিনী কাজ করছে। আমরা আশা করি শিগগিরই এ রহস্য উন্মোচন করতে পারব। তবে এখন যা বলা হচ্ছে তা সবই অনুমানভিত্তিক। সব ধরনের সন্দেহকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করছি। তিনি আরো বলেন, দেশের  অগ্রগতিকে নস্যাত্ করার জন্যই বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশের দু’জন নিরীহ লোককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যে সারাদেশের পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছি এলাকার নিরাপত্তা বাড়াতে ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক ধরনের সন্ত্রাসে ব্যর্থ হয়ে আরেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে দুর্বৃত্তরা। মূলত দেশকে অস্থিতিশীল করার জন্যই এসব সন্ত্রাসী কার্যক্রম। হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি সংগঠন আইএসের কোনো সম্পর্ক আছে কি না– সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আমরা কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দিইনি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে দুটি হত্যার ধরন একই।