শ্রীলংকা সফরের আগে দল নির্বাচন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এবং নির্বাচকদের কাছে ক্ষমা চেয়েছেন বরখাস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স।
‘বাইরের ইন্ধনে’ শ্রীলংকা সফরের ওয়ানডে দল নির্বাচন করা হয়েছে বলে প্রকাশ্য সমালোচনা করায় সিমন্সকে বরখাস্ত করে ডব্লুআইসিবি। একই সঙ্গে সাত দিনের মধ্যে তার এমন মন্তব্যের ব্যাখ্যাও চায় ক্যারিবিয় ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।
আয়ারল্যান্ডের সাবেক এ মেন্টর এখন নিজের মন্তব্যকে ‘স্কুল সুলভ পাগলামি’ অভিহিত করে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন।
সিমন্স বলেন, ‘দল নির্বাচন নিয়ে বাইরে কথা বলার আমার কোনো সুযোগ নেই। কোনোভাবেই আমি এটা করতে পারি না। অতএব আপনাদের এবং সতীর্থ নির্বাচকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি এটাকে কেবলমাত্র পাগলামির মুহূর্তে শিশু সুলভ আচরণ হিসেবে অভিহিত করতে পারি। এটা আমার চরিত্রের সঙ্গে মানায় না। অতএব যেহেতু আমি আন্তরিকভাবে দুঃখিত, তাই আমার ক্ষমা চাওয়া দরকার।’
এমনকি ক্ষমা চাইলেও লংকা সফরে দলের সঙ্গে সিমন্সের সম্ভাবনা কম। কেননা সাময়িকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব এলডিন ব্যাপ্টিস্টকে দেয়া হয়েছে।
শ্রীলংকা সফরে ক্যারিবিয় দলটি দুটি টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে। গলে ১৪ অক্টোবর প্রথম টেস্টে শুরু হবে।
-বাসস
