কাশ্মিরে গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা স্থগিত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২০:২৯
 
গরুর মাংসের ওপর ভারতের জম্মু-কাশ্মিরে প্রায় এক দশক ধরে চলে আসা নিষেধাজ্ঞা দুই মাসের জন্য স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজব তুলে এক জনকে পিটিয়ে হত্যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ার পর এমন পদক্ষেপ নিলো দেশটির সর্বোচ্চ আদালত।
 
গত মাসেই রাজ্য হাইকোর্টের জম্মু বেঞ্চ গরু জবাই ও মাংস বিক্রি বিন্ধ করতে পুরনো একটি আইন বলবত করতে পুলিশকে নির্দেশ দিয়েছিল। তার এক সপ্তাহ পর গরুর মাংস নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজ্য সরকারের এক পিটিশন নিয়ে নোটিশ জারি করে শ্রীনগর বেঞ্চ।
 
এর পর আজ সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এমন সাংঘর্ষিক নির্দেশনার সমাধান বের করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দেয়।
 
হাইকোর্টের গরুর মাংস বিক্রি বন্ধ করার নির্দেশনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সরকারের বক্তব্য, হাইকোর্টের এমন আদেশ জম্মু কাশ্মিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার সম্ভাবনা সৃষ্টি করেছে। গত ঈদে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয় রাজ্যটিতে। পরিস্থিতি মোকাবেলা করতে তিন দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল তখন। সূত্র: এনডিটিভি