একই মঞ্চে হাবিব-সুনিধি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ০৩:০৭
এদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান এবার গাইবেন একই মঞ্চে। আগামী ৬ নভেম্বর ইনসেপশন-এর আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ নামের একটি কনসার্টে সুরের মূর্ছনা ছড়াবেন এই শিল্পীযুগল।
 
এর আগে সুরের টানে একাধিকবার বাংলাদেশে এসেছেন সুনিধি। তারই ধারাবাহিকতায় আবারও ঢাকায় আসছেন তিনি। সর্বশেষ গত ১৬ এপ্রিল ‘সুনিধি চৌহান লাইভ ইন কনসার্ট’-এ গাইতে ঢাকায় এসেছিলেন সুনিধি। সেই কনসার্টেও তার সুরের ধারায় মাতিয়েছিলেন এদেশের দর্শক-শ্রোতাদের।
 
এবারের কনসার্টটি প্রসঙ্গে আয়োজকরা জানান, ‘মূলত শীতকে কেন্দ্র করেই আমাদের এই আয়োজন। তাই এর নাম রাখা হয়েছে ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’। সঙ্গীত পরিবেশনা সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত। খুব শীঘ্রই কনসার্টের টিকিট বিক্রি শুরু করা হবে।’
 

এদিকে হাবিব প্রায় তিন মাস ধরে দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। লার্ক ইভেন্টের আয়োজনে বার্মিংহামের বার্কলেকার্ড এরিনায় গত ২৬ আগস্ট দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবার ঢাকা ক্লাব ভ্যানক্যুভারের আমন্ত্রণে কানাডায় গাইছেন কয়েকটি মঞ্চে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কনসার্টগুলো চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এদিকে তার সর্বশেষ সিঙ্গেল ও ভিডিও ‘মন ঘুমায় রে’ ইউটিউবে এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্তদের মাঝে।