সবাইকে সম্মান করুন : শাহরুখ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১০:৫০
সামাজিক গণমাধ্যমে তারকাদের উদ্দেশ্যে বাজে মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলিউডের কিং খান বলে খ্যাত শাহরুখ খান। বিভিন্ন সিনেমা কিংবা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সম্বন্ধে খারাপ মন্তব্য করা থেকে তার অনুরাগীদের দূরে থাকতে অনুরোধ করেছেন তিনি।
 
 টুইটারে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, সামাজিক গণমাধ্যমে সমস্ত মানুষেরই বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু তাঁদের অবশ্যই মাথায় রাখা উচিত, তাঁরা যেন অন্যকে ছোট না করেন। অনুরাগীদের কাছে তাঁর অনুরোধ, তাঁরা যেন তাঁরই সহ-অভিনেতাদের উদ্দেশ্যে খারাপ কথা না বলেন।
 
তিনি আরও বলেছেন, তিনি কাউকে ধরে বেঁধে কিছু শেখাতে আসেননি। প্রত্যেকেই জীবনে কী করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজের অনুরাগীদের কাছে শাহরুখের অনুরোধ অন্য তারকাদের তাঁরা যেন অসম্মান না করেন।
 
শাহরুখই প্রথম নন। এর আগে সালমান খানও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারকাদের উদ্দেশ্যে খারাপ মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, অন্য তারকাদের যাঁরা ছোট করে, তাঁরা আসলে আমার ভক্তই নয়। এইধরণের লোকজনকে পছন্দ নয় বলেও মন্তব্য করেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস