টেক্সটাইলে ৮ হাজার কোটি টাকা অপবিনিয়োগের আশঙ্কা বিটিএমএ’র

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১১:৩৮
গত তিন-চার বছরে স্পিনিং, উইভিং ও ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং সব মিলিয়ে টেক্সটাইল খাতে ২৫-২৬টি মিল স্থাপিত হয়েছে। এ সবে বিনিয়োগের পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। কিন্তু মিলগুলো গ্যাস সংযোগ পাচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিলগুলোর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এর ফলে বিনিয়োগ করা অর্থ ব্যাড ইনভেস্টমেন্ট বা অপবিনিয়োগে পরিণত হতে চলছে বলে আশঙ্কা করছে টেক্সটাইল শিল্প সংগঠন বিটিএমএ।
 
বিদ্যুৎ ভবনে সোমবার আয়োজিত এক সভায় অপবিনিয়োগের আশঙ্কাসহ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে বেশকিছু দাবি তুলে ধরেছে বিটিএমএ। 
 
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মিলগুলোর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গ্যাস সংযোগ দেয়ার আগে একটি নিরীক্ষা চালানো হবে।
 
গ্যাস ব্যবহারের দক্ষতা ৬০-৭০ শতাংশের কম হলে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
 
সভায় জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে টেক্সটাইল মিলগুলোর সম্ভাব্য সমস্যা নিয়ে প্রতিবেদন তুলে ধরে বিটিএমএ। এ সময় সংগঠনটির নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তপন চৌধুরী, সহসভাপতি ফজলুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আল-আমিন, পরিচালক সাখাওয়াত হোসেন, মনির হোসেন, মোবারক হোসেন, রাজিব হায়দার, আজিজুল আরা চৌধুরী, শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
 
বিটিএমএর দাবিগুলোর মধ্যে ছিল মিলগুলোর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত গ্যাস ট্যারিফ বৃদ্ধির হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, প্রতি দুই বছর অন্তর গ্যাস ট্যারিফ ২৫ শতাংশ হারে বাড়ানো ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলায় তিতাস গ্যাসের ইস্যু করা ডিমান্ড নোটের বিপরীতে অর্থ পরিশোধকারী মিলগুলোয় গ্যাস সংযোগ দেয়া।
 
এছাড়া বিটিএমএর আরো দাবি হলো- প্রকৃত ব্যবহারের ওপর গ্যাস বিল নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোয় ইলেকট্রনিক ভলিউম কন্ট্রোলার মিটার (ইভিএম) স্থাপন, এরই মধ্যে বরাদ্দকৃত গ্যাসের পুনর্বিন্যাসের অনুমতি দেয়া, স্থানান্তরিত শিল্পপ্রতিষ্ঠানে বরাদ্দকৃত গ্যাসের সরবরাহ বজায় রাখা এবং কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন নামে গ্যাস সংযোগ বরাদ্দের অনুমতি বহাল রাখা।
 
এছাড়া টেক্সটাইলসহ যেসব শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস জেনারেটর ব্যবহৃত হয়, সেসব প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন ও অনুমোদিত সরবরাহ অব্যাহত রাখা এবং বয়লারের জন্য গ্যাস সরবরাহ অব্যাহত ও সহজ সংযোগ ব্যবস্থার দাবি জানায় বিটিএমএ।
 
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, অপরিকল্পিত শিল্পায়নে গ্যাস সংযোগ দেয়ায় আগ্রহী নয় সরকার। এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি। মিলগুলোর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গ্যাস সংযোগ দেয়ার আগে এ নিয়ে নিরীক্ষা চালানো হবে।