সিরিয়ার নির্মম গৃহযুদ্ধের শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছাতে ইরানের মিত্র দেশ সিরিয়াকে চাপ দেয়ার জন্য সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্টমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠককালে বান কি-মুন আবারো বলেন যে, এ সংঘাত নিরসনের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ কোন সমাধান নয়। রাজনৈতিকভাবে এ সংকট নিরসনে দ্রুত একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রভাব খাটাতে তিনি ইরানের প্রতি আহ্বান জানান।
দুই নেতা ইয়েমেন নিয়েও আলোচনা করেন। জাতিসংঘ সেখানে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থন থাকায় এক্ষেত্রে সমস্যা সমাধানে ইরানের ভূমিকা পালন গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা হচ্ছে শিয়া ধর্মাবলম্বী। বিবৃতিতে বলা হয়, গত জুলাই মাসে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তির প্রতি ‘আস্থা’ রাখতে বান সকল পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, যতদ্রুত সম্ভব লেবাননের প্রেসিডেন্ট পদের শূণ্যতা পূরণের প্রয়োজনীয়তার ওপর বান গুরুত্বারোপ করেন। মুখপাত্র স্টিফান ডুজারিক জানান, সিরিয়া ও ইয়েমেন সংঘাতের মানবিক প্রভাব নিয়ে আলোচনা করতে আঞ্চলিক সফরের অংশ হিসেবে জাতিসংঘের ডেপুটি মহাসচিব জ্যান ইলিয়াসনের রোববার তেহরান সফরের কথা রয়েছে। বাসস ও এএফপি
