অষ্টম বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আজ মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
শিক্ষকদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও রয়েছেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও উপস্থিত রয়েছেন।
অষ্টম বেতন কাঠামো প্রণয়ন প্রক্রিয়া চলার সময়েই এর বিরুদ্ধে আন্দোলন করেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। তখন শিক্ষকরা বলেছিলেন, সপ্তম বেতন স্কেলে সচিব, সিলেকশন গ্রেডের (সিনিয়র) অধ্যাপক ও মেজর জেনারেল এক নম্বর গ্রেডে থাকলেও প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন আগের তুলনায় দুই ধাপ নেমে গেছে। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখারও দাবি জানান তারা। কিন্তু সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এর প্রতিবাদে শিক্ষকরা কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষকেরা। এর আগেও শিক্ষকরা, শিক্ষামন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে বৈঠকে বসলেও কোনো মতৈক্যে পৌছাতে পারেনি দুইপক্ষ। গত ২ অক্টোবর শিক্ষামন্ত্রীর বাসায় শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ৬ অক্টোবর সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।
