কোরবানির ঈদে কেনাকাটা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি সামান্য বাড়লেও পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।’
তিনি বলেন, ‘মূলত খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় গত মাসে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পায়।’
সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ, যা আগস্টে ছিল ৫ দশমিক ৭৬ ভাগ। আর শহরাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ, আগের মাসে ছিল ৬ দশমিক ৯৪ ভাগ।
চলতি বছরের জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৩৬ শতাংশে দাঁড়ায়, যা গত অর্থবছরের শেষ মাস জুনে ৬ দশমিক ২৫ শতাংশ ছিল।
