এইচটিসির বিভিন্ন স্মার্টফোন পাওয়া যাবে দেশের বাজারে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ঘোষণা দিয়েছে তাইওয়ানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির একমাত্র পণ্য পরিবেশক নেক্সট৯।
নেক্সট৯ জানিয়েছে, প্রাথমিকভাবে এইচটিসি ওয়ান এম৮আই, ডিজায়ার৮২০এস, ডিজায়ার ৬২৬জি, ডিজায়ার ৬২০জি, ডিজায়ার ৫২৬জি+ এবং ডিজায়ার ৩২৬জি স্মার্টফোনগুলো আনবে নেক্সট৯। এসব স্মার্টফোন সাড়ে ১১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৯ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
তবে অনুমোদিত ডিলারের মাধ্যমে দেশে এইচটিসির পণ্য আনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলেও আগ্রহী ক্রেতাদের স্মার্টফোন কেনার জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
এ সম্পর্কে এইচটিসি’র দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ফয়সাল সিদ্দিকী জানান, এইচটিসি আধুনিক সব ফিচার ব্যবহারোপোযোগী উন্নত কনফিগারেশনের ডিভাইস এনে তরুণদের পছন্দের ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যে বিশ্বে অনেক পরিচিতি পেয়েছে। এর বৈশিষ্ট্যে আপোষহীন থেকে সবার সাধ্যের মধ্যে মানসম্পন্ন ফোন বাজারজাত করবে নেক্সট৯।
নেক্সট৯ এর ব্যবস্থাপনা পরিচালক প্রেমচাঁদ জানান, মোবাইল ফোন সাবস্ক্রিপশনের দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশের একটি বাংলাদেশ। ক্রমাগত ইন্টারনেট প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ার ফলে এ দেশে স্মার্টফোনের বিকাশ উর্ধ্বমুখী। এই অগ্রযাত্রায় সহায়কের ভূমিকা নেবে এইচটিসি।
