মানবতাবিরোধী অপরাধ মামলায় হোসেন-মোসলেমের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৩:১৩


মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পালাতক ব্রাক্ষ্মণবাড়িয়ার সৈয়দ মো. হুসাইন ওরফে হোসেন (৬৪) এবং কিশোরগঞ্জের গ্রেফতারকৃত মো. মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

প্রতিবেদনে দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নি-সংযোগ, অপহরণ অন্যায় আটক নির্যাতনসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধ আনা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংস্থার প্রধান আব্দুল হান্নান ও জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া সাংবাদিকদের এই তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ ২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে চলতি বছরের ৭ সেপ্টেম্বর পযন্ত দীর্ঘ নয় মাস ২৫ দিন দুই আসামির অপরাধের তদন্ত শেষ করেন।

তদন্তে তাদের বিরুদ্ধে মূল ১৬১ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট ৪০৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে। প্রতিবেদনে সাক্ষীর জবানবন্দি, ঘটনা স্থলের খসড়া মানচিত্র ও সূচী এবং ঘটনাস্থলের স্থির চিত্র দাখিল করা হবে প্রসিকিউশনে।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ছয়টি। এর মধ্যে হত্যার ৬২টি,অপহরণ ও আটক ১১ জনকে, লুটপাট ও ২৫০টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।