ইয়েমেনে সংঘাত নিরসনের লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব মেনে নেবে হুতি বিদ্রোহীরা। বুধবার জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত এক চিঠিতে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর বিবিসির।
হুতির প্রতিনিধি আনসারুল্লাহ জাতিসংঘের শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানান এবং এটা মেনে চলার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার দিকে এ সাত দফা শান্তি প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক পদক্ষেপ।
তিনি আরো বলেন, অন্যান্য দলের সাথে আমরাও এর পক্ষে সমর্থন জানাচ্ছি। তবে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
গত মাসে ওমানের রাজধানী মাস্কটে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সাত দফা মাস্কট নীতিতে সাময়িক যুদ্ধবিরতি, বিভিন্ন শহর থেকে অস্ত্রধারী মিলিশিয়াদের হটিয়ে দেয়া এবং সরকারকে রাজধানী সানায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
এ দিকে, দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি এ অঞ্চল থেকে হুতিদের সরিয়ে নেয়ার জোর দাবি জানিয়েছেন। গত বছর কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।
