মাইক্রোসফটের প্রথম ল্যাপটপ ‘সারফেস বুক’ অবমুক্ত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ০২:১৬

এর আগে সারফেস দিয়ে ট্যাবলেট পিসির বাজারে প্রবেশ করেছে মাইক্রোসফট। নকিয়াকে কিনে নিয়ে স্মার্টফোনের বাজারেও মাইক্রোসফট চেষ্টা করছে নিজেদের অবস্থান শক্তিশালী করতে। মঙ্গলবার মাইক্রোসফটের এক ইভেন্টে সারফেস এবং লুমিয়া স্মার্টফোনের নতুন মডেলের প্রত্যাশাতেই ছিল প্রযুক্তিবিশ্ব। কিন্তু হার্ডওয়্যারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে নিজেদের অবস্থানটিকে আরও শক্তিশালী করে তুলতে মাইক্রোসফট সবাইকে চমকে দিয়ে অবমুক্ত করেছে নিজেদের প্রথম ল্যাপটপ ‘সারফেস বুক’।

 
এর আগে ট্যাবলেট পিসি হিসেবে সারফেস বাজারে আসলেও এক্সটার্নাল কিবোর্ডের মাধ্যমে একে ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিড হিসেবে ব্যবহারের সুযোগ ছিল। এবারে সারফেস বুকের মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ল্যাপটপ তৈরি করলো তারা। তবে সারফেস বুকের ডিসপ্লে অংশকেও আলাদা করে ব্যবহার করা যাবে ট্যাবলেট হিসেবে।
 
সারফেস বুককে মাইক্রোসফট সরাসরি তুলনা করেছে অ্যাপলের ম্যাকবুকের সাথে এবং একে ম্যাকবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবেই বাজারে আনা হচ্ছে। সারফেস বুকের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে মাইক্রোসফট উল্লেখ করেছে এর ডুয়াল গ্রাফিক্সের কথা। এর ডিসপ্লে ইউনিটের সাথে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রাফিক্স। আর কিবোর্ড অংশে যুক্ত করা হয়েছে এনভিডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
 
এর ১৩.৫ ইঞ্চির ডিসপ্লের পিক্সেল ঘনত্ব ২৬৭ পিপিআই। ভিন্ন ভিন্ন মডেলের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোরআইফাইভ থেকে শুরু করে কোরআইসেভেন পর্যন্ত প্রসেসর। এগুলোতে র্যাম রয়েছে ৮ জিবি পর্যন্ত। তবে চাইলে ১৬ জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগও রয়েছে। আর বিল্ট-ইন স্টোরেজ হিসেবে ১২৮ জিবি থেকে ৫১২ জিবি পর্যন্ত এসএসডি ব্যবহার করেছে মাইক্রোসফট। এর ব্যাটারি ব্যাকআপ ১২ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে। আর নিখুঁতভাবে কাজ করার জন্য এর কিবোর্ড অংশের সাথে মাইক্রোসফট যুক্ত করেছে কাঁচের ট্র্যাকপ্যাড।
 
কনফিগারেশনের দিক থেকে সারফেস বুক প্রযুক্তি বিশ্লেষকদের সন্তুষ্ট করলেও এর দামকে তারা সারফেস বুকের জন্য প্রতিকূল মনে করছেন। কারণ সারফেস বুকের দাম শুরুই হয়েছে ১,৫০০ ডলার থেকে। চলতি মাসের শেষের দিকেই বাজারে বিক্রি শুরু হবে সারফেসুকের।