এক হচ্ছে ডেল ও ইএমসি?

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৩:৫৩
 
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ইএমসি’র সঙ্গে যুক্ত হচ্ছে। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।
 
তবে দুটো প্রতিষ্ঠান একেবারেই এক হয়ে যাবে নাকি ডেল ইএমসির ব্যবসার একাংশ কিনে নেবে তা জানা যায়নি। অথবা, দুই কোম্পানির মধ্যে একটি বড় চুক্তিও হতে পারে।
 
স্টোরেজ ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরি করে ইএমসি। এগুলো সাধারণত উন্নত সুবিধার ডেটা সেন্টারে ব্যবহূত হয়। এটি ভিমওয়্যারের মূল প্রতিষ্ঠান।
 
এদিকে, পিসি ও সার্ভার উত্পাদনকারী প্রতিষ্ঠান ডেল ২০১৩ সালে বাজারে নিজেদের পণ্য বিক্রি বন্ধ করে দেয়।
 
ইএমসির দীর্ঘদিন ধরে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা জয়ি টুচ্চি চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে গেছেন।
 
গত বছর থেকে ইএমসির শেয়ারের দাম কমে যাচ্ছে। তবে ডেলের সঙ্গে একত্র হওয়ার খবর প্রকাশের পর ইএমসির বাজার শেয়ার মূল্য বেড়ে গেছে প্রায় ৯.৪ শতাংশ।
 
ধারণা করা হচ্ছে, ডেল পুরো ইএমসির ডেটা স্টোরেজ ব্যবসাকেই অধিগ্রহণ করে নিতে পারে। তবে এই খবর যাচাইয়ের জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। সূত্র: বিজনেস ইনসাইডার।