সম্প্রতি জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এর আমন্ত্রণে উগান্ডা আইসিটি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইন্টারন্যাশনাল আইসিটি অ্যান্ড বিপিও কনফারেন্স ২০১৫’ এর আয়োজন করা হয়। এখানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরেছেন বেসিস সহ-সভাপতি এম রাশিদুল হাসান।
৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর উগান্ডার কামপালাতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে এম রাশিদুল হাসান বেসিসের কার্যক্রম, সদস্য কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরিতে নানা সহায়তার কথা জানান।
এম রাশিদুল হাসান বলেন, উগান্ডা ও কেনিয়ার তথ্যপ্রযুক্তি বাজার ক্রমেই উন্নত হচ্ছে এবং এখানে এসএমই ও সরকারি প্রকল্পে বাংলাদেশি কোম্পানিগুলোর কাজ করার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। তাদেরকে আমাদের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা জানানোর পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিত সফটএক্সপোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
IMG0
তিনি বলেন, উগান্ডা ও কেনিয়া থেকে বেশ কিছু কোম্পানি সফটএক্সপোতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে এবং সেসময় এসব কোম্পানিগুলোর সঙ্গে বেসিসের পারস্পরিক সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানিয়েছে।
এছাড়া ইন্টারন্যাশনাল আইসিটি অ্যান্ড বিপিও কনফারেন্সের অংশ হিসেবে উগান্ডা আইসিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে বেসিসের পাঁচটি সদস্য কোম্পানির বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ২৯ সেপ্টেম্বর একইভাবে বেসিস সদস্য কোম্পানিগুলোকে নিয়ে নাইরোবিতে কেনিয়া আইটি অ্যান্ড আউটসোর্সিং সার্ভিস (কাইটস) সদস্যদের সঙ্গে বিটুবি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি
