পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যা করা তার দেহরক্ষীর মৃত্যুদন্ড বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পাকিস্তানের ব্লাসফেমি আইন সংশোধনে সমর্থন করায় ২০১১ সালে ইসলামাবাদে প্রকাশ্যে সালমানকে গুলি করে হত্যা করে তার দেহরক্ষী মমতাজ কাদিরি।
সালমান তাসির পাকিস্তানের কঠোর ব্লাসফেমি আইনের সমালোচক ছিলেন। হজরত মোহাম্মদ (দ) কে অবমাননা করায় আসিয়া বিবি নামের এক খ্রিস্টান মহিলাকে মৃত্যুদন্ড দেওয়ার পরে সালমান এই মহিলার জন্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আবেদন জানিয়ে ছিলেন। আর এই ‘অপরাধেই’ তাকে গুলি করে হত্যা করে তারই দেহরক্ষী মমতাজ কাদেরি। কাদেরি দাবি করেন, সালমানকে হত্যা করা ছিল তার ধর্মীয় দায়িত্ত্ব।
কাদেরির ফাঁসির রায় বহাল রাখা পাকিস্তানের ধর্মীয় উগ্রপন্থীদের একটি পরাজয় বলে গণ্য হচ্ছে। কাদেরি সালমানকে হত্যা করার পরে দেশে রীতিমতো নায়কের মর্যাদা পেয়েছিলেন। ইসলামাবাদের জেলা আদালতে আইনজীবীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ২০১১ সালের অক্টোবরে তাকে মৃত্যুদন্ড প্রদান করে আদালত। তাকে মৃতুদন্ড দেওয়া বিচারক উগ্রপন্থীদের হুমকির মুখে দেশত্যাগ করতে বাধ্য হন। বিবিসি
