গত মাসে সমঝোতার ভিত্তিতে ফ্লামিনেন্সের সাথে চুক্তি বাতিল করার পরে এখনো কোন ক্লাবের সাথে যুক্ত হননি ব্রাজিলিয়ান সাবেক প্লেমেকার রোনালদিনহো। কিন্তু এখনো ফুটবলকে বিদায় জানানোর কোন ইচ্ছাই নেই ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের।
মেক্সিকান ক্লাব কুয়েরেটারোর সাথে এক বছর কাটানোর পরে গত জুলাইতে ফ্লামিনেন্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ব্রাজিলিয়ান আইকন রোনালদিনহো। কিন্তু পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে হঠাৎ করেই গত ২৮ সেপ্টেম্বর তিনি চুক্তি বাতিল করে ক্লাব ছেড়ে চলে আসেন। চারবারের ব্রাজিলিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন দলটির হয়ে কার্যত রোনালদিনহো নিজেকে মেলে ধরতে পারেননি। নয় ম্যাচে একটিও গোল করতে না পারাটা ছিল সত্যিই হতাশাজনক। তবে এখনই ফুটবলকে বিদায় জানাতে আগ্রহী নন রোনালদিনহো। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চাই। আমার কাছে প্রতিনিয়ত প্রস্তাব আসছে। আমি শারিরীক ভাবে সুস্থ আছি। সে কারনেই খেলতে কোন অসুবিধা নেই। অনুশীলনে আমি যেভাবে থাকি তাতে আমার কাছে মনে হয় এখনো সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার যোগ্যতা আমার রয়েছে।বাসস
