কুন্দুজের হাসপাতালে মার্কিন হামলা: ক্ষমা চাইলেন ওবামা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৬:৪৮
 
আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দাতব্য সংস্থা মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের (এমএসএফ ) প্রেসিডেন্ট জোয়ান লিউ এবং আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানির কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর আলজাজিরা ও বিবিসির।
 
 
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানিয়েছেন, ওবামা এমএসএফের  প্রেসিডেন্ট জোয়ান লিউর কাছে টেলিফোন করে ক্ষমা চেয়েছেন এবং ওই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি আত্মপক্ষ সমর্থন করে বেশ কিছু ব্যাখ্যাও দিয়েছেন। একইসঙ্গে তিনি হাসপাতালে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শুরু প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।