বাংলাদেশের নাগরিকদের লিবিয়ায় না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে সরকার। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, লিবিয়ায় সহিংসতা বাড়তে থাকায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ায় বাংলাদেশি নাগরিক, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের দেশটিতে না যাওয়ার জন্য আবারো পরামর্শ দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লিবিয়া থেকে আসা বাংলাদেশি নাগরিকদের দেশটিতে ফিরে যাওয়ার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে দেশে না যেতে অনুরোধ করছে। লিবিয়ার সহিংস পরিস্থিতির কারণে গত জুলাইয়ে এ ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০১১ সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মর গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে বিদ্রোহীদের বিভিন্ন দল ও উপদলের মধ্যে প্রায়ই লড়াই হচ্ছে। এছাড়া উগ্রপন্থি জঙ্গি দল আইএসও লিবিয়ার একটি অংশ দখল করে নিয়েছে। ফলে দেশটিতে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক দেশটিতে নিহত হয়েছেন।
