টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২৩:১৭
 
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক ছাত্রলীগ নেতা হাসান ইমাম খান সোহেল হাজারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর আসনটিতে পুনঃরায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন দলের উপ দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ।
 
কালিহাতীর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল হাজারী ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে লতিফ সিদ্দিকীর ভাই কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর অংশ নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারবিরোধী আন্দোলনের সময় এই দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার আলোচনায় গিয়েছিলেন কাদের সিদ্দিকী।
IMG0
উপনির্বাচনে অংশ নিতে সোহেল হাজারীসহ ১৭ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। গত মঙ্গলবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন শেখ হাসিনা। এর তিন দিন পর প্রার্থী ঘোষণা করা হল। প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
 
এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৩৭৪ জন; নারী ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন। এ উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহের জেলা নির্বাচন কর্মকর্তা; সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা। বিডি নিউজ।