রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২২:৩৮
 
কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আশুদ আহমেদ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য নির্মাণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজে কাতারের বিপুল জনশক্তির প্রয়োজন হবে। তিনি সেখানে আরো বাংলাদেশির কর্মসংস্থানের জন্য এই সুযোগ কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান। রাষ্ট্রপতি কাতারে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। আবদুল হামিদ কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রচেষ্টা গ্রহণের জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
 
আশুদ আহমেদ তার নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির পরামর্শ কামনা করেন। এ সময় সেখানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস।