ইরানে ক্ষেপণাস্ত্র পড়ার কথা রাশিয়ার অস্বীকার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৭:১৯
 
কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানে পড়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। তাদের কোন ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হওয়ার কথাও অস্বীকার করেছে দেশটি।
 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ দাবি করেন, তাদের ছোঁড়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সিএনএনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা তাদের মতো অজ্ঞাত সূত্রের কথা বলি না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত করার ছবি প্রকাশ করি আমরা।'
 
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইরানের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত করার খবরটি জানিয়েছিল। তবে সেগুলো কোন এলাকায় পড়েছে বা হতাহতের কোন খবর জানাতে পারেনি তারা।
 
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, বুধবার রুশ যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইরাক ও ইরানের আকাশসীমা অতিক্রম করার সময় ইরানের অজ্ঞাত কোন স্থানে গিয়ে আঘাত করে।
 
এর আগে রাশিয়া জানায়, প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরে তাদের যুদ্ধ জাহাজ থেকে 'আইএস ও অন্যান্য সন্ত্রাসীদের' লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। সূত্র: আল জাজিরা