‘মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্বজুড়ে সন্ত্রাস বাড়িয়ে দিচ্ছে’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৯:১৭
 
‘মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা বিশ্বজুড়ে সন্ত্রাস বাড়িয়ে দিচ্ছে’ উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। তাছাড়া সন্ত্রাসকে বিশ্বের সবচেয়ে ‘ বড় হুমকি’ বলে মনে করেন এ ভারতীয় প্রেসিডেন্ট। গতকাল শনিবার দি জর্ডান টাইমস নামে একটি পত্রিকায় দেয়া সাক্ষাত্কারে এসব কথা বলেন প্রণব। খবর এনডিটিভির।
 
প্রণব মুখার্জী সাক্ষাত্কারে বলেন, ‘এ অঞ্চলের চলমান অস্থিতিশীলতার ব্যাপক প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। এর ফলে দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি ঘটবে। সন্ত্রাসের বৈশ্বিক বৃদ্ধি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
 
তিনি আরো বলেন, তার দেশ ধর্মীয় মৌলবাদ ও চরমপন্থার প্রবল বিরোধী। সকল ধরনের সন্ত্রাসকে তারা প্রত্যাখ্যান করে। এ ছাড়া, মধ্যপ্রাচ্য এবং সিরিয়ায় শান্তি প্রচেষ্টাসহ সকল আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে জর্ডান ও ভারত একই ধারণা ও মতামত পোষণ করে থাকে বলে জানান তিনি। তাই নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস মোকাবিলায় জর্ডান ও ভারতের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট। ভারত গত চার দশক ধরে সন্ত্রাসের মোকাবিলা করে আসছে। বিশেষ করে সীমান্ত দিয়েই দেশটিতে সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে।’
 
এ দিকে, আজ থেকে মোট ৬ দিনের জন্য জর্ডান, ফিলিস্তিন এবং ইসরাইল সফরে যাচ্ছেন প্রণব।