জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২৩:৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অতি ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ ২০টি দেশ মিলে গঠন করেছে ‘ভারনারেবল ২০’। সংক্ষেপে এ জোটের নাম দেয়া হয়েছে ‘ভি-২০’। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশ নেপাল এবং ভুটান এ জোটের সদস্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে এ গ্রুপ। এই জোটে যে ২০টি দেশ রয়েছে সেগুলোর জনসংখ্যা ৭০ কোটির বেশি।

 
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এই জোট গঠনের ঘোষণা দেয়া হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ সময় উপস্থিত ছিলেন। সভায় সদস্য দেশগুলো কার্বণ নিঃসরণ কমিয়ে আনতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানায়।
 
সভায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, জলবায়ু পরিবর্তন, অভিবাসী সংকটসহ বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। তিনি বলেন, আজ যে জোট গঠন হল, এই জোটের সঙ্গে বিশ্বব্যাংক আছে। উন্নত দেশগুলো গ্লোবাল ক্লাইমেট ফান্ড গঠন করে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা দেশগুলোকে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এখন তা পূরণ করার সময়।
 
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ তার প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পসহ পুরো বস্ত্রখাতকে ‘সবুজ বস্ত্রখাতে’ পরিণত করতে চায়। পরিবেশের যাতে ক্ষতি না হয় সে লক্ষ্যেই বাংলাদেশ এ খাতকে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এছাড়া তিনি পরিবেশের ক্ষতি হয় এমন কোনো শিল্পে ঋণ না দিতে ব্যাংকগুলোকে ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
 
ভি-২০ গ্রুপে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, আফগানিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, বার্বাডোজ, কোস্টারিকা, পূর্ব তিমুর, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, তানজানিয়া, টুভালু ও ভাতুয়ানু রয়েছে।
 

জোট গঠনের বিষয়ে সভায় বলা হয়, আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়া, লাতিন আমেরিকা ও প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত এবং ছোট ছোট দ্বীপ দেশগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তহবিল গঠন এবং সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই জোট গঠনের প্রধান উদ্দেশ্য। জোটের অর্থমন্ত্রীরা বছরে দুই বার বৈঠকে মিলিত হবেন এবং উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন।