মডেলিং থেকে ক্যারিয়ার গড়ার পর অভিনয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন পিয়া। তবে সিনেমার ক্ষেত্রে বেশকিছু তিক্ত অভিজ্ঞতা হওয়ার কারণে আপাতত বেছে বেছে কাজ করছেন তিনি। সর্বশেষ ‘শেষ প্রহর’ নামের একটি নতুন চলচ্চিত্রের কাজ শেষ করলেন। এইচ হারুন পরিচালিত এই চলচ্চিত্রে পিয়ার সহশিল্পী রয়েছেন শিমুল ও মৌসুমী হামিদ।
নিজের চলচ্চিত্রের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘চাইলে প্রতিদিনই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা যায়। কিন্তু সেইভাবে আমি কাজ করতে চাই না। এর আগে বেশকিছু চলচ্চিত্রের ব্যাপারে কাজের আগে ও পরে কোনো কমিটমেন্টের মিল পাইনি। এসব কারণেই এখন খুব দেখে শুনে কাজ করছি। কারণ যে কোনো ধরনের চরিত্রের জন্য আমাকে মরিয়া হয়ে যেতে হবে, সে কারণে আমি আসিনি। যেকোনো কাজে ভালো গল্প আর আমার চরিত্রের গুরুত্ব দেখেই কাজ করছি। কারণ আমার নিজের কাজেরও একটা ব্র্যান্ডভ্যালু ধরে রাখতে চাই। যাতে দর্শকরা আমার যেকোনো কাজের প্রতি একটা আস্থা রাখতে পারে। আমি আমার দর্শকের কাছে সেই বিশ্বাসটা ভাঙতে চাই না।’
উল্লেখ্য, র্যাম্প মডেলিংয়েও স্বাচ্ছন্দেই কাজ করছেন তিনি। খুব শিগগিরই ইতালি ও ফ্রান্সে দুটি আন্তর্জাতিকমানের ফ্যাশন কিউতে অংশ নিতে তিনি দেশ ছাড়বেন। তবে, নিজের কাজের ব্যস্ততা থেকে খানিক অবসর নিতেই ভারতে যাবেন খুব শিগগিরই।
