ঘুষ নেয়ার অভিযোগে মন্ত্রীকে বরখাস্ত করলেন কেজরিওয়াল

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১০:২৪


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে তার মন্ত্রীসভা থেকে খাদ্য ও পরিবেশ মন্ত্রী অসীম আহমেদ খানকে বরখাস্ত করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেছেন, আমার ছেলেও যদি দুর্নীতি করে তাহলে তাকেও আমি ছাড় দেব না। অসীম আহমেদ খানের স্থলাভিষিক্ত হয়েছেন ইমরান খান। খবর এনডিটিভি’র।

 

IMG0

কেজরিওয়াল জানিয়েছেন, অসীম আহমেদ খান এক আবাসন ব্যবসায়ীর কাছে ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। দিল্লির ওই ব্যবসায়ীর সঙ্গে মন্ত্রীর প্রায় এক ঘণ্টার কথোপকথনের রেকর্ড পাওয়া গেছে। এরপরই তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা দুর্নীতি করবো না এই বিশ্বাস করে জনগণ আমাদের ভোট দিয়েছে। তাই আমি কোনোভাবেই দুর্নীতি সহ্য করবো না। এই ঘটনা বিরোধী দল কিংবা মিডিয়া সামনে আনেনি। আমরাই এনেছি। কারণ আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।